মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সফি আহমদকে দল থেকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার রাতে গণমাধ্যমের কাছে আওয়ামী লীগের মৌলভীবাজার জেলা কমিটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলের কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় সফির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সফি আহমদ বিষয়টিকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস শহীদ ও সাধারণ সম্পাদক নেছার আহমদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুলাউড়ার কাদিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগের ইউনিয়ন কমিটির সম্মেলন চলছিল। সেখানে এ কে এম সফি আহমদসহ তাঁর সমর্থকেরা প্রাণনাশের উদ্দেশ্যে রফিকুল ইসলামের ওপর অতর্কিতে হামলা চালান। এতে রফিকুল গুরুতর আহত হন। দলের শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থী এ কার্যকলাপের পরিপ্রেক্ষিতে সফি আহমদকে দলের সর্বস্তরের পদ থেকে অব্যাহতি প্রদান এবং অস্থায়ী বহিষ্কার করা হলো। তাঁকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গতকাল রোববার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী এ কে এম সফি আহমদকে অস্থায়ী বহিষ্কার করা হয়েছে।
তবে এ কে এম সফি আহমদ মুঠোফোনে বলেন, কমিটির সভা না ডেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মনগড়াভাবে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। এ এখতিয়ার তাঁদের নেই। এটি দলের গঠনতন্ত্রবিরোধী। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ নাকচ করে তিনি বলেন, এটা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।
দলীয় সূত্র জানায়, কুলাউড়া পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে এ কে এম সফি আহমদ ও রফিকুল ইসলামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। নির্বাচনে সফি দলের মেয়র পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। নির্বাচনে রফিকুলসহ কয়েকজন নেতা-কর্মী দলের ‘বিদ্রোহী’ প্রার্থী ও বিজয়ী মেয়র শফি আলম ইউনুছের পক্ষে কাজ করেন বলে সফি অভিযোগ তোলেন। এই বিরোধের জের ধরে শুক্রবারের হামলার ঘটনা ঘটে।
গতকাল প্রথম আলোয় ‘প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগের নেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।