নেতার কারখানা চালু রাখতে এলাকা ৮ ঘণ্টা বিদ্যুৎহীন!
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রায় অর্ধেক এলাকা গত বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎহীন ছিল। আওয়ামী লীগের এক নেতার কারখানা সচল রাখতে গিয়ে এলাকাবাসীকে অন্ধকারে ডোবানো হয় বলে অভিযোগ উঠেছে।
আওয়ামী লীগের ওই নেতার নাম লাক মিয়া। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ও ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ইউনিয়নের বিনাইরচর এলাকায় তাঁর একটি স্পিনিং মিল রয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পল্লী বিদ্যুৎ সমিতির ভুলতা গ্রিডের দুপ্তারা উপকেন্দ্রের ৫ ও ৬ নম্বর ফিডারের আওতায় থাকা এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। রাত আটটায় একবার বিদ্যুৎ সরবরাহ করা হলেও তা মাত্র দুই মিনিট স্থায়ী হয়। ওই সময় সমিতির স্থানীয় হাইজাদী তথ্যকেন্দ্রে যোগাযোগ করা হলে জানানো হয়, এখনো সোয়া ঘণ্টা লোডশেডিং থাকবে। সে হিসাবে রাত সোয়া নয়টায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা। কিন্তু ওই সময় বিদ্যুৎ এলেও দুই মিনিট পর আবারও বন্ধ করে দেওয়া হয়। এরপর বিভিন্ন স্থান থেকে সমিতির আড়াইহাজার আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম-কম) বিভিন্ন কর্মকর্তার কাছে ফোন আসতে থাকে। এ পরিস্থিতিতে অনেক কর্মকর্তাই ফোন বন্ধ করে দেন।
রাত সাড়ে ১০টার দিকে ডিজিএম আসাদুজ্জামানকে ফোন করেন স্থানীয় এক সাংবাদিক। এ সময় তিনি বলেন, ‘ভাই, নিয়মিত লোডশেডিং শেষে সংযোগ চালু করেছিলাম। কিন্তু বিনাইরচর এলাকার ভাই ভাই স্পিনিং মিলের মালিক ও ব্রাহ্মন্দী ইউপির চেয়ারম্যান লাক মিয়া ফোন করে হাউকাউ শুরু করে দিলেন। বললেন, তাঁর মিলে গ্যাস সরবরাহ নাই। তাই কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে বিদ্যুৎ চালু রাখতে হবে। বাধ্য হয়ে সারা এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে তাঁকে লোড দিতে হচ্ছে।’ ওই সাংবাদিক ডিজিএমকে প্রশ্ন করেন, একটি কারখানা চালু রাখতে গিয়ে এলাকাবাসী গরমে মরবে,Ñএ কেমন কথা? জবাবে তিনি বলেন, ‘তাঁর (লাক মিয়ার) কথার স্টাইলে তো মনে হলো যে আমি পাবলিকের চাকরি করি না; তাঁরই চাকরি করি।’
লাক মিয়ার চাহিদা মিটিয়ে রাত দেড়টায় এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। এরই মধ্যে গুমোট অন্ধকার ও ভ্যাপসা গরমে এলাকাবাসীর প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ভাই ভাই স্পিনিং মিলের মালিক লাক মিয়ার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার ফোন করার চেষ্টা করেও তা বন্ধ পাওয়া যায়। তবে পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদুজ্জামান বিষয়টি স্বীকার করেন। তিনি গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, প্রভাবশালী লোকজনের কথা রাখতে গিয়ে ওই পরিস্থিতির সৃষ্টি হয়।