বাঁ চোখ রক্তাক্ত। চোখের ভেতর রক্ত কালো হয়ে জমাট বেঁধেছে। কপাল, বুক ও পিঠে পেটানোর চিহ্ন। ঊরু ও হাঁটুর নিচেও আঘাতের চিহ্ন। ব্যথায় কাতরাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগের সদস্য মাহফুজুল ইসলাম। তাঁর অভিযোগ, ছাত্রলীগের হল শাখার আহ্বায়ক বশির উল্লাহ তাঁকে পিটিয়ে জখম করেছেন।
প্রত্যক্ষদর্শী ও কবি নজরুল ইসলাম হল সূত্রে জানা গেছে, ৩ অক্টোবর বিকেল চারটায় মাহফুজুল ইসলামকে প্রথমে ২৬০ নম্বর কক্ষে ও পরে বারান্দায় ফেলে পেটানো হয়। এরপর বেত, স্টাম্প ও লাঠি দিয়ে মারধর করা হয়। তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই দিন চিকিৎসার পর ওই শিক্ষার্থী হল ছেড়ে শহরের একটি মেসে আশ্রয় নেন।
হলের অন্তত ১০ জন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বশির উল্লাহ কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন। গত ২৪ জুলাই ছাত্রদল থেকে ছাত্রলীগে যোগ দিয়ে তিনি হলের আহ্বায়ক পদ পান। এরপর তিনি হলের শিক্ষার্থীদের এমনকি ছাত্রলীগের কর্মীদের নানাভাবে হয়রানি করেন।
অভিযোগ প্রসঙ্গে মুঠোফোনে বশির উল্লাহ বলেন, ‘মাহফুজুল আমার সঙ্গে বেয়াদবি করেছে। এ কারণে তাকে মারধর করা হয়েছে। অন্যদের মারধরের অভিযোগ ঠিক নয়। একসময় ছাত্রদলের রাজনীতি করলেও এখন আর ওই দলের সঙ্গে জড়িত নই।’
কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এনামুল হক বলেন, ‘বশির আমার সময়ে ছাত্রদলের হল শাখার যুগ্ম আহ্বায়ক ছিল। এরপর আর কমিটি হয়নি।’ সম্প্রতি তিনি ছাত্রলীগে যোগদান করেছেন বলে তিনি শুনেছেন।
কলেজ শাখা ছাত্রলীগের সদস্যসচিব এম নাসিমুল ইসলাম বলেন, এ ব্যাপারে ছাত্রলীগের ঊর্ধ্বতন নেতারা ব্যবস্থা নেবেন।
কবি নজরুল ইসলাম হলের তত্ত্বাবধায়ক জহিরুল ইসলাম পাটোয়ারী বলেন, মাহফুজুলকে নির্যাতনের বিষয়ে গত সোমবার তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। কলেজ খোলার পর এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।