নেতার মোটরসাইকেল চুরি, তাই দোকানপাট বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতির মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ের খাবার হোটেলসহ সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে জব্বারের মোড়ের পাশে স্টেডিয়ামে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সবুজ কাজীসহ সংগঠনটির কয়েকজন নেতা-কর্মী। জব্বারের মোড়ে চারটি মোটরসাইকেল রেখে তাঁরা হেঁটে স্টেডিয়ামে যান। কুচকাওয়াজ শেষে সকাল সাড়ে আটটার দিকে তাঁরা ফিরে এসে দেখেন সভাপতি সবুজের মোটরসাইকেলটি নেই। এরপর বেলা ১১টার দিকে জব্বার মোড়ের খাবার হোটেলসহ সব ধরনের দোকান বন্ধ করে দেন ছাত্রলীগের কর্মীরা। বিশেষ করে খাবারের হোটেলগুলো বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে চারটার দিকে দোকানগুলো খুলে দেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী বলেন, খাবার হোটেল বন্ধ থাকায় ক্যাম্পাসের বাইরে শেষ মোড় এলাকায় গিয়ে তাঁদের দুপুরের খাবার খেতে হয়েছে। তা ছাড়া প্রয়োজনীয় জিনিসপত্র কেনা এবং বিভিন্ন কাগজপত্র প্রিন্ট করতে পারেননি অনেকে।

জব্বারের মোড়ের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আলম বলেন, ছাত্রলীগ নেতাদের কথায় সব কটি দোকান বন্ধ রাখা হয়েছে। এতে হোটেল মালিকেরা বেশি আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। জব্বার মোড়ের ছোট-বড় ৯৮টি দোকান রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী বলেন, ‘কয়েকজন কর্মী ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছে। পরে ব্যবসায়ীদের দোকান খোলার জন্য বলা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন বলেন, মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে। দোকান খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।