নেতার মোটরসাইকেলের চাপায় ভাঙল শিশুর পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগ নেতার মোটরসাইকেলের চাপায় মাহাদি ইসলাম (৬) নামের এক শিশুর বাঁ পা ভেঙে যায়। এ ঘটনায় মাহাদির বাবার সঙ্গে ছাত্রলীগের ওই নেতার কথা-কাটাকাটি হয়। গতকাল বুধবার দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠি পৌর শহরের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এরপর হাসপাতালে শিশুটির চিকিৎসা নেওয়ার সময় সেখানে শিশুর বাবাকে ছাত্রলীগ নেতার নেতৃত্বে মারপিট করা হয়।
মাহাদি ইসলাম স্বরূপকাঠি পৌরসভার মধ্য জগন্নাথকাঠী গ্রামের ব্যবসায়ী কামরুল ইসলামের ছেলে।
কামরুল ইসলাম বলেন, গতকাল দুপুরে তাঁর সঙ্গে মাহাদি ইসলাম স্বরূপকাঠি পৌর শহরের কাঠেরপুল এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বেলা দেড়টার দিকে স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ আচার্য্য বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মাহাদিকে চাপা দেয়। এতে মাহাদির বাঁ পা ভেঙে যায়। এ সময় তাঁর (কামরুল) সঙ্গে অনুপ আচার্য্যের কথা-কাটাকাটি হয়। এরপর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শিশুটির চিকিৎসা দেওয়ার সময় অনুপ আচার্য্যের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী কামরুল ইসলামকে মারপিট করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফিরোজ কিবরিয়া বলেন, মাহাদির বাঁ পা ভেঙে গেছে। শিশুটিকে চিকিৎসা দেওয়ার সময় আমার কক্ষের বাইরে মারপিটের ঘটনা ঘটেছে।
স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনুপ আচার্য্য বলেন, ‘আমি কম গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় হঠাৎ শিশুটি দৌড় দিলে দুর্ঘটনা ঘটে। এ নিয়ে শিশুটির বাবা কামরুল ইসলাম আমার চোখের চশমা খুলে ফেলেন ও গালাগাল করেন। আমাকে গালাগাল করার খবর পেয়ে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী হাসপাতালে গিয়ে কামরুলকে চড়-থাপ্পড় মারেন।’
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।