নেতার হাতে কর্মী ছুরিকাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট জেলা ছাত্রলীগের এক নেতার ছুরির আঘাতে মদনমোহন কলেজের এক ছাত্র আহত হয়েছেন। আহত ওই ছাত্রও ছাত্রলীগের কর্মী। মদনমোহন কলেজ ক্যাম্পাসে গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রলীগ কর্মীর নাম সত্যজিৎ দাশ (২৪)। তিনি মদনমোহন কলেজের বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম আহমদ কলেজ ক্যাম্পাসে যান। এ সময় কলেজের এম সাইফুর রহমান ভবনের পাশে সরস্বতী পূজা উদ্যাপন নিয়ে সভা করার প্রস্তুতি নিচ্ছিলেন সত্যজিৎ। সায়েমের কোমরে একটি ছোরা দেখে সত্যজিৎ তাঁকে প্রশ্ন করেন। এতে ক্ষিপ্ত হয়ে সায়েম সত্যজিতের পেটে ও কানের কাছে ছুরিকাঘাত করেন। চিৎকার শুনে সত্যজিতের সহপাঠী, ছাত্রলীগের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা সায়েমকে ছোরাসহ আটক করেন। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা সায়েমকে মারধর করেন। পরে কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ তাঁকে উদ্ধার করে পুলিশে দেন।
কলেজ অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ বলেন, এটা আসলে বিচ্ছিন্ন একটি ঘটনা। রাজনৈতিক নয়। আবার কী কারণে ঘটেছে—এটিও বলা যাচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ পুলিশকে বলেছে এ ঘটনা তদন্ত করতে।
সত্যজিৎ ও সায়েমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা বলেছেন, ছুরিকাঘাতে সত্যজিতের পেটে ও গলায় জখম হয়েছে। তাঁকে দুই দফা অস্ত্রোপচার করা হয়েছে।
হাসপাতালে সায়েম সাংবাদিকদের বলেন, তাঁর ছোট বোনের পরীক্ষার বিষয়ে জানতে তিনি মদনমোহন কলেজে গিয়েছিলেন। তাঁকে সত্যজিৎ পক্ষের কর্মীরা আক্রমণ করেন। তখন তিনি সত্যজিতকে আঘাত করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ গতকাল বিকেলে বলেন, ‘সায়েম একটি কাজে মদনমোহন কলেজে গিয়েছিলেন বলে শুনেছি। সত্যজিতের সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে এ ঘটনা ঘটতে পারে। এটি কোনোভাবে রাজনৈতিক কোনো ঘটনা নয়।’
সিলেট কোতোয়ালি থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সোহেল আহমদ বলেন, ছুরিকাঘাতের অভিযোগে সায়েমকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কিংবা শিক্ষার্থীদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
এর আগে গত ১৯ জানুয়ারি সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ) শাখা ছাত্রলীগের কাজী হাবিবুর রহমান ছুরিকাহত হয়ে নিহত হন। ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার জের ধরে এ ঘটনা ঘটলেও জেলা ছাত্রলীগ ঘটনাকে ‘ব্যক্তিগত দ্বন্দ্ব’ বলে বিবৃতি দিয়েছিল। ওই ঘটনায় গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির সভাপতি হোসাইন মুহাম্মদ সাগরসহ ১৫ জন শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে এসআইইউ কর্তৃপক্ষ।