নেতারাই করছেন পুকুর ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের কাজলা এলাকায় পুকুর ভরাট করতে পদ্মা নদী থেকে পাইপের সাহায্যে বা​লু এনে ফেলা হচ্ছে। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো
রাজশাহী নগরের কাজলা এলাকায় পুকুর ভরাট করতে পদ্মা নদী থেকে পাইপের সাহায্যে বা​লু এনে ফেলা হচ্ছে। ছবিটি গতকাল দুপুরের l প্রথম আলো

রাজশাহীতে পুকুর ভরাটের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মামলা করার পরও নতুন করে পুকুর ভরাট চলছেই। এবার ক্ষমতাসীন দলের নেতাদের বিরুদ্ধেই পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরে নগরের কাজলা এলাকায় নেতারা একটি পুকুর ভরাট করছেন।
গতকাল সোমবার দুপুরে পুকুরের কাছে গিয়ে দেখা যায়, প্রায় অর্ধেক ভরাট করা হয়ে গেছে। একটি পাইপ থেকে অনবরত বালুমিশ্রিত পানি পুকুরে এসে পড়ছে। আর একদিক থেকে পুকুরটি ভরাট হয়ে যাচ্ছে। পাইপের পাশ ধরে হাঁটতে গিয়ে দেখা যায়, পদ্মা নদী থেকে পুকুরটি ভরাট করার জন্য পাইপের মাধ্যমে বালু আসছে। নদীর ধারে একটি ড্রেজার বসিয়ে নৌকায় বালু খালাস করা হচ্ছে। সেই নৌকা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাইপের মাধ্যমে বালু এনে ফেলা হচ্ছে পুকুরে। পুকুরটির পশ্চিম দিকে রাস্তা, অপর তিন দিকেই ঘরবাড়ি।
পুকুরটির মূল মালিক মারা যাওয়ার পর এখন পাঁচ-ছয়জন অংশীদার রয়েছেন। তাঁদের মধ্যে একজনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাঁর নাম মাসুদ রানা। তিনি বলেন, পুকুরটি এক বিঘার মতো। পাড় ভেঙে দেড় বিঘার মতো হয়েছে। তাঁর অংশে সাড়ে সাত কাঠা (১২ দশমিক ৩৭ শতাংশ) পড়েছে। তিনি তাঁর অংশ আওয়ামী লীগের নেতা আবদুস সাত্তার, আজিজুল আলম ও রজব আলীর কাছে বিক্রি করে দিয়েছেন। কত দাম পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, প্রায় সাড়ে ৭৭ লাখ টাকা। কেন ভরাট করছেন জানতে চাইলে তিনি বলেন, পুকুরটি ভেঙে যাচ্ছে। এ নিয়ে আশপাশের বাড়িঘরের লোকজন অভিযোগ করেন। তাই তিনি তাঁর অংশ বিক্রি করে দিয়েছেন। যাঁরা কিনেছেন তাঁরাই ভরাট করছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পুকুরের পানি মানুষ ব্যবহার করত। তবে শুকনা মৌসুমে পানি কমে যেত। রাজশাহী মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম, ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুস সাত্তার ও রজব আলী বালু ভরাটের এই কাজের সঙ্গে জড়িত। রজব আলী কোন পর্যায়ের নেতা তা জানা যায়নি।
জানতে চাইলে আবদুস সাত্তার বলেন, পুকুরটির পানি মানুষের ব্যবহারের উপযোগী ছিল না। কোরবানির সময় এলাকার মানুষ এই পুকুরে বর্জ্য ফেলে। যেহেতু পুকুরটি মানুষের কোনো কাজে আসে না, সেই জন্য তাঁরা এটি ভরাটের দায়িত্ব নিয়েছেন।
পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক নূরে আলম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন ২০১০-এর ২-এর (ক) এবং ৬ঙ ধারা মোতাবেক, অপরিহার্য জাতীয় স্বার্থে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে জলাধার হিসেবে চিহ্নিত জায়গা ভরাট বা অন্য কোনোভাবে শ্রেণি পরিবর্তন করা যাবে না। পুকুর ভরাটের কাজ আইনত দণ্ডনীয় অপরাধ। পুকুর ভরাট নিয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে রাজশাহীতে চারটি মামলা করা হয়েছে। তবে তিনি বলেন, কাজলার পুকুর ভরাটের খবর তাঁরা এখনো পাননি। খোঁজ নিয়ে দেখবেন।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সহকারী নগর পরিকল্পক রাহেনুল ইসলাম বলেন, পুকুর ভরাটের কাজটি তিনি দেখে এসেছেন। কিন্তু পুকুরটি তাঁদের সংরক্ষিত পুকুরের তালিকার মধ্যে নেই। এটি পরিবেশ অধিদপ্তরের কাজ। কাল (মঙ্গলবার) তাঁরা বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানাবেন। পুকুর ভরাটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন তাঁরা।