কৃষককে মারধরের পর চুরির অপবাদ দিয়ে থানায় সোপর্দ এবং জমি দখলের ঘটনায় বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নির্যাতনের শিকার উপজেলার জুজখোলা গ্রামের কৃষক মন্তেজার রহমান গত শনিবার থানায় ওই মামলা করেন বলে জানান ওসি আবদুল্লাহ আল মাসউদ চৌধুরী। মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও।
তবে মন্তেজারের ছেলে ও খোট্টাপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিলন সরকার গতকাল রোববার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কোনো অপরাধ না করেও মারধরের পর চুরির অপবাদ দিয়ে শুক্রবার সন্ধ্যায় তাঁর বাবাকে থানায় সোপর্দ করার পর তাঁকে সেখানে আটকে রাখা হয়। এ ব্যাপারে সাংবাদিকেরা খোঁজখবর করায় শনিবার সন্ধ্যায় পুলিশের উপপরিদর্শক (এসআই) কালাচাঁদ নিজেই উদ্যোগী হন। তিনি ওসির অনুপস্থিতিতে চেয়ারম্যানকে থানায় ডেকে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার শর্তে মন্তেজারের কাছ থেকে আপসনামায় সই নেন। সেখানে চেয়ারম্যান মন্তেজারের কাছে ক্ষমা চাইলে বিষয়টি মীমাংসা হয়। কিন্তু গতকাল বিকেলে এসআই বলেন, ‘ওপরের স্যারেরা আপস মানেন না, তাঁদের চাপে মামলা নিতে হয়েছে। এখন তদন্তে এসেছি। আসামিও ধরতে হবে। পুলিশ কখন কী করছে, বুঝতে পারছি না।’
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার থানায় বসে পুলিশি মধ্যস্থতায় ঘটনা মীমাংসা করা হলেও গতকাল প্রথম আলোসহ একাধিক দৈনিকে এ-সংক্রান্ত প্রতিবেদন ছাপা হওয়ার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বাধ্য হয়ে পুলিশ চেয়ারম্যানের বিরুদ্ধে ওই মামলা নেয়।
তবে শাজাহানপুর থানার ওসি থানায় বসে কোনো আপস হয়নি দাবি করে বলেন, মন্তেজারকে সাইকেলসহ থানায় সোপর্দ করার পর গত শনিবারে ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্তে ওই কৃষক নির্দোষ প্রমাণিত হওয়ায় উল্টো মন্তেজার বাদী হয়ে মামলা করেন। মামলার নথি আদালতে পাঠানোর পাশাপাশি আসামিদের গ্রেপ্তার ও সই নেওয়া স্ট্যাম্প উদ্ধারের চেষ্টা চলছে।
গত ইউপি নির্বাচনের আগে আবদুল্লাহ আল ফারুক ভোটের বিনিময়ে জুজখোলা-কানিপাড়া এলাকার লোকজনকে রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। নির্বাচিত হওয়ার পর তিনি জুজখোলা গ্রামের মন্তেজারের জমি দখল করে রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। এ ঘটনায় জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে মামলা করেন মন্তেজার। এতে চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ পাঁচজনকে বিবাদী করেন। বৃহস্পতিবার সমনের নোটিশ পেয়ে ক্ষিপ্ত হন ফারুক ও ইউপি সদস্য। পরে গত শুক্রবার মন্তেজারকে মারধর করে তাঁর নিজের সাইকেলটি চুরির অভিযোগে তাঁকে থানায় সোপর্দ করা হয়।