নেতা-কর্মীদের পুনর্বাসনের নামে বনভূমি দখল আ.লীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শত বছরের পুরোনো জাহাজপুরা গর্জন বনের পাশে প্রায় ১৫ একর বনভূমি দখলে নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা খোরশেদ আলম। গতকাল মঙ্গলবার সকালে বন বিভাগের কর্মকর্তারা পুলিশের সহযোগিতায় বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদ করে ১৫ একর জমিতে চারাগাছ রোপণ করলেও তিন ঘণ্টা পর আবার ওই বনভূমি দখলে নেন তাঁর অনুসারীরা।
স্থানীয় লোকজন জানান, ১ আগস্ট রাতে ৫০-৬০ জন লোক নিয়ে খোরশেদ আলম শীলখালী বন বিটের আওতাধীন হলবনিয়া জঙ্গলে যান এবং গাছপালা উজাড় করে প্রায় ১৫ একর বনভূমি দখলে নেন। এ সময় বনভূমির ওপর তৈরি করা হেডম্যান আবুল কালাম ও তাঁর ছেলেদের তিনটি বসতবাড়িও দখলে নিয়ে তাঁদের উচ্ছেদ করা হয়। খোরশেদ আলম বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। বর্তমানে তিনি ২০-৩০ জন সশস্ত্র ক্যাডার নিয়ে দখল করা বনভূমি পাহারা দিচ্ছেন।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘হলবনিয়া এলাকাটি আওয়ামী লীগের ঘাঁটি। তাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬০ জনের বেশি নেতা-কর্মীকে পুনর্বাসনের জন্য বনভূমিটি দখল করেছি। সরকারি বনভূমি যদি সরকারি দলের লোকজন দখল করে, তাহলে কারও সমস্যা হওয়ার কথা নয়।’ রাত সাড়ে আটটায় যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পুরো ১৫ একর বনভূমি আমাদের দখলে রয়েছে।’
গতকাল বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে দখলদারেরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজির নেতৃত্বে পুলিশের একটি দল দখলদারদের ধাওয়া করলে তাঁরা পাহাড়ে গিয়ে আত্মগোপন করেন। এরপর বনকর্মীরা দখলদারদের তৈরি করা পাঁচটি বসতঘর গুঁড়িয়ে দেন এবং উচ্ছেদ করা ১৫ একর জমির চারদিকে লাল নিশানা তুলে দিয়ে সেখানে দুই হাজার আকাশমণি চারা রোপণ করেন। কিন্তু অভিযান শেষ করে পুলিশসহ বন কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করলে দখলদারেরা আবারও ওই জমিটি দখলে নেন এবং রোপিত চারা ও লাল নিশানা উপড়ে ফেলেন। এ সময় দখলদারেরা বনকর্মীদের উদ্দেশ করে গালিগালাজও করেন।
ঘটনাস্থলে দখলদার নজরুল ইসলাম, মোস্তাক আহমদ, মোহাম্মদ নুর, জহির আহমদ, আবুল কালাম, আবসার মিয়া, সবুরা খাতুন ও ছালেহা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা আওয়ামী লীগের লোক। আমরা এখন ক্ষমতায়। তাই বনের সরকারি জমি আমরা দখলে নিয়েছি। এখন ভেঙে ফেলা ঘরগুলো পুনরায় তৈরি করব।’
এ ব্যাপারে শীলখালী রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘অভিযান শেষ করে ফেরত আসার পর প্রভাবশালী দখলদারেরা বন বিভাগের ওই জমি আবার দখল করে নিয়েছেন। এখন কী করব বুঝতে পারছি না।’
সহকারী বন সংরক্ষক রেজাউল করিম চৌধুরী বলেন, দখলকারীরা প্রভাবশালী হওয়ায় বারবার জমি দখলের সাহস পাচ্ছেন। এ ব্যাপারে দখলদারদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে।
শীলখালী বন বিট কর্মকর্তা ওমর গাজী বলেন, খোরশেদ আলমসহ অন্য প্রভাবশালী ব্যক্তিরা বনভূমি দখলের পাশাপাশি দেড় শ বছরের পুরোনো ২৫০ একরের ধলি গর্জন (মাদার ট্রি) বন ধ্বংসের চক্রান্ত করছেন। এই বনে শতবর্ষী গর্জনগাছ রয়েছে প্রায় সাত হাজার। প্রতিটি গাছের বাজারমূল্য তিন থেকে চার লাখ টাকা।
শীলখালী বনাঞ্চল রক্ষণাবেক্ষণের সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি সাইফুল্লাহ বলেন, হলদিয়ার ১৫ একর বনভূমি থেকে দখলদারদের দ্রুত উচ্ছেদ করা না গেলে পাশের শতবর্ষী গর্জন বনটি হুমকির মুখে পড়বে। এই বনের বীজ থেকে গর্জন চারা সৃজন করে সারা দেশে সরবরাহ করা হয়।
দলের নাম ব্যবহার করে সরকারি বনভূমি দখল প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ মোহাম্মদ আলী বলেন, খোরশেদ আলম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা। তাঁর দায়িত্ব হলো কেউ সরকারি জমি দখল করলে তা প্রতিরোধ করা। এখন তিনি নিজেই সরকারি বনভূমি দখল করে বিতর্কের সৃষ্টি করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।