নেতৃত্বে ছিল শিবির আসামি মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর কাদিরগঞ্জে বৃহস্পতিবার পণ্যবাহী ট্রাকবহরে হামলায় নেতৃত্ব দেন শিবিরের রাজশাহী কলেজ শাখার সভাপতি সারোয়ার আলম সিদ্দিকী ওরফে জোহা (গোল চিহ্নিত) । এ ঘটনায় পুলিশ মামলা করলেও তাঁকে আসামি করা হয়নি l ছবি: প্রথম আলো
রাজশাহীর কাদিরগঞ্জে বৃহস্পতিবার পণ্যবাহী ট্রাকবহরে হামলায় নেতৃত্ব দেন শিবিরের রাজশাহী কলেজ শাখার সভাপতি সারোয়ার আলম সিদ্দিকী ওরফে জোহা (গোল চিহ্নিত) । এ ঘটনায় পুলিশ মামলা করলেও তাঁকে আসামি করা হয়নি l ছবি: প্রথম আলো

রাজশাহীতে গত বৃহস্পতিবার দুপুরে বিজিবির পাহারার মধ্যেই ট্রাকবহরে হামলা করেছেন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। সাংবাদিকদের ক্যামেরায় ধারণ করা ছবি দেখলে এর প্রমাণ মেলে। তাঁদের আসামি না করে মেয়রকে হুকুমের আসামি করা হয়েছে।
হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা করেন। এতে আটজনের নাম উল্লেখ করা হয়েছে। হুকুমের আসামি করা হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেনকে।
হামলার ছবিতে শিবিরের রাজশাহী কলেজ শাখার সভাপতি সারোয়ার আলম সিদ্দিকী ওরফে জোহাকে নেতৃত্ব দিতে দেখা গেছে। তাঁর মাথায় মানকি টুপি, গায়ে ছাই রঙের সোয়েটার। পরনে বাদামি রঙের প্যান্ট ও পায়ে জুতা ছিল। তাঁকে মামলায় আসামি করা হয়নি।
জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, ছবিতে পরিষ্কারভাবে শিবিরের রাজশাহী কলেজ শাখার সভাপতিকে দেখা যাচ্ছে। এজাহার করার সময় পুলিশ এটা খেয়াল করেনি। পরে দেখা গেছে। তাঁকে মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিবিরের নেতা-কর্মীরা নগরের কাদিরগঞ্জ এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ সড়কের উত্তর পাশে দাঁড়িয়ে একের পর এক ট্রাকে হামলা চালিয়েছেন। হামলার সময় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নামে স্লোগান দেওয়া হয়।
এর আগে রাজশাহী কলেজের সামনে পুলিশের ওপর হামলার সময়ও শিবিরের এই নেতাকে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুর রহমান বলেন, মামলায় মেয়রসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত সোমবার রাতে বাসে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায়ও মেয়রকে আসামি করা হয়।
বৃহস্পতিবারের ঘটনায় নয়জনকে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত তাঁদের দুই মাস করে কারাদণ্ড দেন। গতকাল শুক্রবার সকালে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ওই হামলা প্রতিরোধ করতে গিয়ে স্থানীয় দুই সহোদর আহত হন। তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।