নেত্রকোনার দুজনের বিরুদ্ধে ৪ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেত্রকোনার মো. ওবায়দুল হক ও আতাউর রহমানের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে জমা দেওয়া হবে।
তদন্ত সংস্থার ধানমন্ডির কার্যালয়ে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির সমন্বয়ক আবদুল হান্নান খান। তিনি বলেন, ওবায়দুল ও আতাউরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওবায়দুলের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার ভোগাপাড়া গ্রামে। আতাউরের বাড়ি কেন্দুয়ার কচন্দরা গ্রামে। মুক্তিযুদ্ধকালে তাঁরা স্থানীয় রাজাকার বাহিনীতে যোগ দেন এবং নেত্রকোনা শহরের মোক্তারপাড়ায় মলয় বিহারি বিশ্বাসের বাড়ি দখল করে রাজাকার ক্যাম্প স্থাপন করেন। তাঁদের বিরুদ্ধে ১৫ জন নিরস্ত্র মানুষকে হত্যার অভিযোগ রয়েছে।
আবদুল হান্নান খান বলেন, একাত্তরের ১৭ আগস্ট ওবায়দুল ও আতাউরের নেতৃত্বে রাজাকাররা নেত্রকোনার বারহাট্টা থানার বাউসী বাজার থেকে ফজলুর রহমান তালুকদারকে অপহরণ করে জেলা পরিষদ ডাকবাংলোয় নিয়ে নির্যাতন করে। পরে ত্রিমোহনী সেতুর কাছে নিয়ে তাঁকে হত্যা করে এবং বাউসী বাজারের ৪০০-৪৫০ দোকানঘর লুট ও অগ্নিসংযোগ করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, একাত্তরের ৪ অক্টোবর বারহাট্টার জিউর আখড়ার সামনের রাস্তা থেকে আসামিরা ফুটবলার দবির হোসেনকে অপহরণের পর মোক্তারপাড়া সেতুতে নিয়ে গুলি করে হত্যা করেন। ১৯ অক্টোবর বারহাট্টার লাউফা গ্রাম থেকে মশরফ আলী তালুকদারসহ ১০ জনকে অপহরণ করে ঠাকুরাকোনা সেতুর কাছে নিয়ে সাতজনকে গুলি করে হত্যা করা হয়। ১৫ নভেম্বর বিরামপুর বাজার থেকে মুক্তিযুদ্ধের সংগঠক বদিউজ্জামানসহ ছয়জনকে অপহরণ করে লক্ষ্মীগঞ্জ খেয়াঘাট ও মোক্তারপাড়া সেতুতে নিয়ে হত্যা করা হয়। ওবায়দুল ও আতাউরের নেতৃত্বে রাজাকাররা এসব সংঘটিত করে।