নেত্রকোনায় অপহৃত শিশু গাজীপুরে উদ্ধার
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে অপহরণের এক দিন পর এক শিশুকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। গত রোববার কলমাকান্দার বটতলা গ্রাম থেকে তাকে অপহরণ করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া শিশুটির নাম শিহির শাহরিয়ার খান ওরফে সামি (৬)। সে কলমাকান্দা উপজেলার বটতলা গ্রামের কয়লা ব্যবসায়ী আবু সাহিদ খানের ছেলে।
শিশুটির পরিবার, এলাকার কয়েকজন বাসিন্দা ও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শাহরিয়ার স্থানীয় বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র। রোববার সকাল নয়টার দিকে সে বিদ্যালয়ে যাওয়ার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে তার বাবা আবু সাহিদ ওই দিন বিকেলে কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রাত সাড়ে নয়টার দিকে তাঁর মুঠোফোনে ফোন করে জানানো হয়, তাঁর ছেলেকে অপহরণ করা হয়েছে এবং তাকে পেতে হলে তাদের বিকাশ নম্বরে ৪০ হাজার টাকা পাঠাতে হবে।
ছেলেকে ফিরে পেতে আবু সাহিদ ওই বিকাশ নম্বরে ২৫ হাজার টাকা পাঠান। ঘটনাটি জানার পর পুলিশ মোবাইল ট্র্যাকিং-প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালায়। তারা প্রথমে এ ঘটনার প্রধান পরিকল্পনাকারী ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গিরিধরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে করিমকে (২৫) আটক করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাত ১২টার দিকে কলমাকান্দা থানার পুলিশের একটি বিশেষ দল গাজীপুরের চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শাহরিয়ারকে উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে আরও ১০ জনকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার জেলা পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি সাংবাদিকদের জানান।
অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক বলেন, শাহরিয়ারকে অপহরণের ঘটনায় আরও দুজন সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এঁরা হলেন বটতলার পাশের গারামপাড়া গ্রামের জালাল ও ফারুক।