নেত্রকোনায় এক দিনে নারীসহ তিন খুন
নেত্রকোনায় এক দিনে পৃথক তিনটি ঘটনায় এক নারীসহ তিনজন খুন হয়েছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উজানচর নওপাড়া এলাকায় বুধবার রাতে ঝগড়ার সময় দায়ের কোপে নিহত হয়েছেন এক ব্যক্তি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হিরণপুর এলাকায় ভবের বাজারের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইঞ্জিনচালিত এক অটোরিকশার চালক খুন হন। তাঁর নাম হক মিয়া (২৮)। তিনি সদর উপজেলার বালুয়াকান্দা গ্রামের আবদুস সোবহানের ছেলে। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশার চালকেরা গতকাল সকাল থেকে নেত্রকোনা শহর ও আশপাশের এলাকায় ধর্মঘট পালন করেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা তাঁকে খুন করেছে।
গতকাল সকালে আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের কুলশ্রী গ্রামের কাছে নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) লাশ উদ্ধার করে আটপাড়া থানার পুলিশ। আটপাড়া থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করে।
বারহাট্টা উপজেলা সদরের যোগীশাসন গ্রামে সকাল নয়টার দিকে রুহুল আমীনের বাড়ির সামনের পাটখেতে গরু যাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী আবদুল কাদিরের (৬০) সঙ্গে রুহুল আমীনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবদুল কাদিরকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন রুহুল আমীন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার ওসি সালেমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী, নিহত ব্যক্তির পরিবার ও ঈশ্বরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গবাদিপশু মরিচখেত নষ্ট করায় উপজেলার উজানচর নওপাড়া এলাকার নূর হোসেনের ছেলে মো. জলিল মিয়ার স্ত্রী নাদিরা বেগমের সঙ্গে নূর হোসেনের অপর ছেলে মো. সিদ্দিক আলীর ঝগড়া হয়। এ সময় দুজন হাতাহাতিতে জড়িয়ে পড়লে নাদিরার দায়ের কোপে গুরুতর আহত হন সিদ্দিক আলী। সিদ্দিককে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী লিপি আক্তারও আহত হন। গুরুতর অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সিদ্দিককে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ গভীর রাতে নাদিরা বেগম ও মেয়ে আয়েশা আক্তারকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গতকাল দুপুরে নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মো. জলিল মিয়া, নাদিরা বেগম ও আয়েশা আক্তারকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা করেছেন বলে জানিয়েছেন থানার ওসি মো. বোরহান উদ্দিন মিয়া।