নেত্রকোনায় একজনকে গুলি করে হত্যা
নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা গুলি করে এক ব্যক্তিকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম অঞ্জন কুমার দাস ওরফে ভুট্টো (৪০)। তিনি শহরের মোক্তারপাড়া এলাকার মৃত জীতেন্দ্র চন্দ্র দাস ওরফে গঙ্গাচরণের ছেলে। এ ঘটনায় আটক হওয়া দুজন হলেন মোটরসাইকেলের যন্ত্রাংশ ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে বাবলু ও তাঁর কর্মচারী রিপন।
কয়েকজন এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভুট্টো জেলা শহরের নাগড়া এলাকায় আনন্দবাজার মোড়ে সাইফুল ইসলামের মোটর গ্যারেজের কাছে কয়েক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ভুট্টোর পেটে গুলি করে। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে সাইফুল ইসলাম ওরফে বাবলুকে ও গতকাল শুক্রবার সকালে তাঁর দোকানের কর্মচারী রিপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
নেত্রকোনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানান, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনো মামলা হয়নি।