নেত্রকোনায় কলেজছাত্র গোয়ালন্দে যৌনকর্মীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত মঙ্গলবার এক যৌনকর্মীর (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। এদিকে নিখোঁজ হওয়ার এক দিন পর একই দিনে নেত্রকোনার ঠাকুরাকোনা এলাকার কংস নদ থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
যৌনপল্লি সূত্রে জানা যায়, যৌনপল্লির পাহারাদার দলের লাল মিয়ার বাড়ির ভাড়াটে ওই তরুণীর সঙ্গে সম্প্রতি স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাঝেমধ্যেই ওই যুবকের সঙ্গে নানা বিষয়ে তাঁর ঝগড়া হতো। মঙ্গলবারও ঝগড়া হলে তিনি ঘরের দরজা লাগিয়ে দেন। অনেকক্ষণ পরও দরজা না খোলায় লাল মিয়া লোহার রড দিয়ে দরজা ফাঁকা করে দেখেন, ওই তরুণী ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ওই তরুণীর বাড়ি বগুড়ায় বলে জানা গেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, ঝুলন্ত অবস্থায় ওই যৌনকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল শেষে গতকাল বুধবার সকালে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
নেত্রকোনায় নিহত কলেজছাত্রের পরিবার সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ধরমপাশা উপজেলার জিংলীগড়া গ্রামের বাসিন্দা পিপুল মিয়া (১৭) মোহনগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র ছিল। গত সোমবার পিপুল ট্রেনের ছাদে চড়ে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জ যাচ্ছিল। ট্রেনটি সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকার একটি সেতুতে উঠলে সে ছাদ থেকে কংস নদে পড়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাতে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন নদ থেকে তার লাশ উদ্ধার করেন।
জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাছুদুল আলম বলেন, অসাবধানতাবশত ওই ছাত্র ট্রেনের ছাদ থেকে নদে পড়ে যায়। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।