নেত্রকোনায় গৃহবধূ খুন জামাতা গ্রেপ্তার
নেত্রকোনা সদর উপজেলার মোবারকপুর গ্রামে ফাতেমা আক্তার নামের এক গৃহবধূ খুন হয়েছেন। গত মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নেত্রকোনা মডেল থানায় ফাতেমার জামাতা আলমগীর মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে ফাতেমার (৪৮) মেয়ে রিনা আক্তারের সঙ্গে একই গ্রামের আলমগীরের (৩০) বিয়ে হয়। আলমগীর বেশ কয়েক বছর ধরে নেশাগ্রস্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই রিনাকে মারধর করে বাবার বাড়ি থেকে টাকা আনতে পাঠাতেন। গত মঙ্গলবার সকালে আলমগীর তাঁর শাশুড়ির কাছে টাকা চাইলে তিনি টাকা নেই বলে জানান। এ সময় ফাতেমাকে তাঁর গরু বিক্রি করে টাকা দিতে চাপ দেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জেরে রাত নয়টার দিকে আলমগীর দা দিয়ে ফাতেমার মাথায় ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই ফাতেমার মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর ছেলে রাসেল মিয়া বাদী হয়ে গতকাল সকালে নেত্রকোনা মডেল থানায় আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এর আগে ভোর ছয়টার দিকে সদর উপজেলার দিঘলা গ্রাম থেকে আলমগীরকে আটক করে পুলিশ।