নেত্রকোনায় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুতুরা এলাকায় আজ রোববার রাত সাড়ে আটটার দিকে গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ ১০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, আজ বিকেলে কলমাকান্দা উপজেলা সদরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল। ওই কার্যালয়ের সামনে পোগলা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম দাঁড়িয়ে ছিলেন। সেখান থেকে স্থানীয় সাংসদ ছবি বিশ্বাসের চাচাতো ভাই সুজন বিশ্বাসের কথা বলে সেলিম নামের এক যুবক তাঁকে স্টেডিয়াম রোডে ডেকে নিয়ে যান। সেখানে সুজন বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন যুবক সাইফুলকে বেধড়ক মারধর করেন। এ সময় পার্শ্ববর্তী গুতুরা এলাকার বাসিন্দা ও যুবলীগের স্থানীয় নেতা রফিকুল ইসলাম সেখানে গেলে তাঁকেও মারধর করেন তাঁরা। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাঁরা বাড়িতে চলে যান। এ খবর পোগলা ইউনিয়নে ছড়িয়ে পড়লে সাইফুল ইসলামের লোকজন গুতুরা বাজারে রাত সাড়ে সাতটার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়ক অবরোধ করেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কলমাকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে গেলে সাইফুলের লোকজন পুলিশের ওপর চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেধে যায়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান, এসআই ফখরুল ইসলামসহ চার পুলিশ সদস্য এবং পুলিশের পিটুনিতে আমিরুল ইসলাম, কামরুল হাসান, রিপন ও সবুজ মিয়াসহ আরও কয়েকজন আহত হন।
ইউপি সদস্য সাইফুল ইসলাম বলেন, সুজন বিশ্বাসের কথা বলে সেলিম নামের এক যুবক আমাকে স্টেডিয়াম রোডে ডেকে নিয়ে গেলে সুজনসহ অন্তত ১০ জন আমার ওপর হামলা করে।
এ ব্যাপারে কথা বলতে সুজনের মোবাইলে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।
ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মাসুম মিয়া, মিলন মিয়াসহ তিনজনকে আটক করা হয়েছে।
রাত সাড়ে নয়টার দিকে পুলিশ সুপার জয়দেব চৌধুরী প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছুড়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।