নেত্রকোনায় চেয়ারম্যান তিতাসে ব্যবসায়ী খুন
নেত্রকোনার মোহনগঞ্জে মাহবুবুল আলম (৪২) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিহত হয়েছেন। তিনি বিএনপির সমর্থক ছিলেন। গতকাল শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তাঁর লোকজনের হামলায় চেয়ারম্যান নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে কুমিল্লার তিতাস উপজেলায় শাহ আলম (৩৮) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের বিরোধের জের ধরে তিনি খুন হন বলে অভিযোগ করেছে নিহত ব্যক্তির পরিবার। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো সংবাদ:
ধরমপাশা (সুনামগঞ্জ) ও নেত্রকোনা: পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মোহনগঞ্জ উপজেলার ২ নম্বর বড়তলি-বানিহাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম পৌর শহরের পোদ্দারপট্টি এলাকায় একটি দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) মজিবুর রহমানের নেতৃত্বে একদল যুবক হামলা চালিয়ে রড দিয়ে পিটিয়ে তাঁকে গুরুতর আহত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। গতকাল ভোরে তিনি মারা যান। মাহবুবুল আলম মোহনগঞ্জের মাহমুদপুর গ্রামের বাসিন্দা ছিলেন। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে মজিবুরের মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে।
এদিকে চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরেই মোহনগঞ্জ-তেঁতুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন মাহমুদপুরবাসী। উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল হক বলেন, ‘শুনেছি মজিবুর ও তাঁর লোকেরা চেয়ারম্যান মাহবুবুলের ওপর হামলা করেছিল।’ ওসি রমিজুল হক বলেন, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, পূর্বশত্রুতার জের ধরেই মজিবুর ইউপি চেয়ারম্যানের ওপর হামলা করেছিল বলে ধারণা করা হচ্ছে। মজিবুর বর্তমানে পলাতক।
দাউদকান্দি (কুমিল্লা): কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের হারাইকান্দি গ্রামের বাসিন্দা শাহ আলম (৩৮) গত বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা শাহ আলমের পথ রোধ করে তাঁকে টেটাবিদ্ধ করে ফেলে যায়। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহ আলমের পারিবারিক সূত্র জানায়, কলাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া ও উপজেলা আওয়ামী লীগের নেতা ইব্রাহীম খলিলের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। বাহার মিয়ার সমর্থক ছিলেন শাহ আলম। আর তাঁর চাচাতো ভাই আলাউদ্দিন ইব্রাহীম খলিলের সমর্থক। এরই জের ধরে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে।
তিতাস থানার ওসি মনিরুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় কলাকান্দি গ্রামের খোকন মিয়া (২৮) নামের এক যুবককে গতকাল আটক করা হয়েছে।