নেত্রকোনায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুনুই গ্রামে আজ রোববার সকালে ছুরিকাঘাতে হারুন-অর-রশিদ (২৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত হারুন নেত্রকোনা সরকারি কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র ছিলেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের টিটু হাসান ওরফে সেতু (২৬) নামের একজনকে আটক করেছে।
পুলিশ জানায়, আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পেছনের কৃষিজমি দেখতে যান হারুন। তখন প্রতিপক্ষ একজনের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।