নেত্রকোনায় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শুনুই গ্রামে গতকাল রোববার সকাল নয়টার দিকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হারুন-অর-রশিদ (২৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত হারুন নেত্রকোনা সরকারি কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একই গ্রামের টিটু হাসান ওরফে সেতু (২৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, শুনুই গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে হারুন-অর-রশিদের সঙ্গে একই গ্রামের সুরুজ আলীর ছেলে টিটু হাসান সেতুর বিরোধ চলে আসছিল। হারুন গতকাল সকাল সাড়ে আটটার দিকে বাড়ির পেছনের কৃষিজমি দেখতে গেলে ওত পেতে থাকা সেতু তাঁকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেতুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। অপর প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হারুনের সঙ্গে সেতুর কী নিয়ে বিরোধ চলছিল, তা এখনো জানা সম্ভব হয়নি।