নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় গত মঙ্গলবার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ নিহত ফয়েজ আলীর (২৮) লাশ উদ্ধার করে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দুওজ ইউনিয়নের মোগলহাট্টা গ্রামের কাচু মিয়ার খেতে গত মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী চারগাতীয়া গ্রামের দুলাল মিয়া গরুর জন্য পাটগাছের আগা কাটতে যান। এতে কাচু মিয়া বাধা দিলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র রামদা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় কাচুর ছেলে ফয়েজ আলী নিখোঁজ হন। রাতভর খোঁজাখুঁজির করে তাঁকে পাওয়া যায়নি। পরে গতকাল বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ওই দুই গ্রামের মাঝে বেওড়া খালে ফয়েজ মিয়ার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের আরও চারজন আহত হয়েছেন। গুরুতর আহত মাজু মিয়া ও ফৌজদার মিয়াকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে দুওজ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাহান সিরাজী প্রথম আলোকে বলেন, গরুর জন্য পাটগাছের আগা কাটাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সন্ধ্যায় বেওড়া খালে ওই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নিখোঁজ ফয়েজ আলীর লাশ গতকাল সকালে উদ্ধার করে পুলিশ।