নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সুরুজ আলী নামে একজন কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গত রোববার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন নারীকে আটক করেছে।
নিহত সুরুজ আলীর (৬০) বাড়ি হইডহর গ্রামে। আহত ব্যক্তিরা হলেন সুরুজ আলীর ভাই ছন্দু মিয়া (৫২) এবং মৃত আলাউদ্দিনের ছেলে ও সুরুজ আলীর ভাতিজা কামাল হোসেন (৩৮)। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঠাকুরাকোনার হইডহর গ্রামের ছন্দু মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর চাচাতো ভাই দুলাল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত রোববার বিকেল চারটার দিকে দুলাল মিয়া ও তাঁর চাচাতো ভাই কেরামত মিয়াসহ তাঁদের লোকজন ছন্দু মিয়া ও তাঁর পক্ষের লোকজনের ওপর হামলা চালান। এতে সুরুজ আলী, ছন্দু মিয়া ও কামাল হোসেন গুরুতর আহত হন। সুরুজ আলীকে নেত্রকোনা সদর হাসপাতাল থেকে সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে দুলাল মিয়া ও ভাইয়েরা পলাতক রয়েছেন।
আহত কামাল হোসেন গতকাল সোমবার রাত সাতটার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘৭২ শতক জমি নিয়ে দুলালের সঙ্গে আমাদের দ্বন্দ্ব ছিল। আদালতের নির্দেশ অনুযায়ী এই জমিটি আমাদের দখলে ছিল। গত রোববার যখন জমিতে ধানের চারা রোপণ করতে যাই তখন দুলাল, কেরামত ও তাঁদের লোকজন আমাদের ওপর রামদা, কিরিচ, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।’
এ বিষয়ে দুলাল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাছুদুর আলম বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলালের চাচাতো ভাই সোহেল মিয়ার স্ত্রী মনি আক্তার (৩২), জুয়েল মিয়ার স্ত্রী পান্না আক্তার (৩৫) ও মস্তু মিয়ার স্ত্রী জরিনা খাতুনকে (৩৩) আটক করা হয়েছে। এই ঘটনায় কোনো মামলা হয়নি।