নেত্রকোনায় ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলায় শ্যালক দা দিয়ে কুপিয়ে ভগ্নিপতিকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে সদর উপজেলায় মাসকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নেত্রকোনার মডেল থানার পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার রাজাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে আবদুল মোতালিব (২৬) গত বুধবার বিকেলে মাসকান্দা গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে বেড়াতে যান। সন্ধ্যার পর তিনি ও তাঁর স্ত্রী ঘরে বসে গল্প করছিলেন। এ সময় শ্যালক সজল মিয়া এসে হঠাৎ মোতালিবের পাঁজরে ধারালো দা দিয়ে আঘাত করেন। পরে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সজলের পরিবারের সদস্যরা দাবি করেছেন, সজল মানসিক ভারসাম্যহীন। এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি মো. আবু তাহের দেওয়ান বলেন, ময়নাতদন্তের পর মোতালিবের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে নিহত মোতালিবের মা বাদী হয়ে বৃহস্পতিবার বিকেলে একটি হত্যা মামলা করেছেন। সজল আসলেই মানসিক ভারসাম্যহীন কি না, তা নিশ্চিত করার জন্য তাঁর ডাক্তারি পরীক্ষা হবে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার কিল্লাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে কফিল উদ্দিন (৫৫) একজন ভ্যানচালক ছিলেন। তিনি বুধবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় তাঁর পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করতে থাকেন। গতকাল সকালে এলাকাবাসী কিল্লাপাড়া এলাকার ধানখেতে কফিল উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখেন।