নেত্রকোনায় ভুট্টো হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
নেত্রকোনায় যুবদল নেতা অঞ্জন কুমার দাস ওরফে ভুট্টো হত্যা মামলার প্রধান আসামি অনুকূল আজাদ ফরাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাইশিমুল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অঞ্জন কুমার দাস (৪০) নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা। তিনি পৌর যুবদলের সদস্য ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অঞ্জন কুমার দাস গত বছরের ২ জুলাই রাত সাড়ে নয়টার দিকে শহরের আনন্দ বাজার এলাকার সাইফুল ইসলাম বাবলুর ব্যবসাপ্রতিষ্ঠানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর পেটে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এ নিয়ে গত বছরের ৪ জুলাই প্রথম আলোতে ‘নেত্রকোনায় একজনকে গুলি করে হত্যা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
ঘটনার দুদিন পর নিহত অঞ্জন কুমারের মা আরতী রানী দাস বাদী হয়ে সদর উপজেলার বায়রাউড়া গ্রামের ওয়ারেছ উদ্দিন ফরাসের ছেলে অনুকূল আজাদ এবং টিটু সাহা ও সাইফুল ইসলাম ওরফে বাবলুকে আসামি করে নেত্রকোনা সদর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ টিটু সাহা ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও প্রধান আসামি অনুকূল আজাদ সপরিবারে পালিয়ে যান।