নেত্রকোনায় মন্দিরে আগুন
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের নেহারা গ্রামে গতকাল গভীর রাতে একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ওই মন্দিরে থাকা পাঁচটি প্রতিমা পুড়ে গেছে। এ ঘটনায় মন্দির পরিচালনা কমিটির সভাপতি শান্তি রঞ্জন তালুকদার গতকাল সোমবার থানায় মামলা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে স্থানীয় চার-পাঁচজন লোক মন্দিরে আগুন জ্বলতে দেখে শান্তি রঞ্জন তালুকদারকে খবর দেন। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম খানকে জানান। চেয়ারম্যান মুঠোফোনে ঘটনাটি পুলিশকে জানালে ওই রাতেই পুলিশ ঘটনস্থলে যায়।
শান্তি রঞ্জন তালুকদার বলেন, মন্দিরে থাকা ছয়টি প্রতিমার পাঁচটিই পুড়ে গেছে। স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।
মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) এ টি এম মাহমুদুল হক বলেন, এ ঘটনায় শান্তি রঞ্জন তালুকদার অজ্ঞাতনামা লোকজনের বিরুদ্ধে মামলা করেছেন।