নেত্রকোনায় মন্দিরে আগুন, আটক ১
নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় একতা সংঘ কালী মন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন একজনকে আটক করে পুলিশের হাতে দিয়েছে। আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
আটক করা ব্যক্তির নাম সুমন মিয়া (৪০)। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার সিংড়াতুলি গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মগরা নদীর পাড়ে একতা সংঘ কালী মন্দিরের সামনে ভোরে একদল দুর্বৃত্ত দাঁড়িয়ে ছিল। এদের মধ্যে থেকে একজন মন্দিরের ভেতর ঢুকে প্রতিমায় আগুন দেয়। আগুনে কালী ও মহাদেব মূর্তির মুখমণ্ডল পুড়ে যায়। এ সময় প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্র এ ঘটনা দেখে ফেলায় দুর্বৃত্তরা ছাত্রটিকে ধাওয়া করে। ছাত্রটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে একজনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
মন্দির কমিটির সভাপতি ভজন দাস বলেন, এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান প্রথম আলোকে বলেন, আটক সুমন প্রাথমিকভাবে মন্দিরে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে।