নেত্রকোনায় মন্দিরে ভাঙচুরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দায় একটি পারিবারিক কালী মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে মন্দিরের তত্ত্বাবধায়ক এ বিষয়ে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কৈলাটি ইউনিয়নের সাকুয়া ইন্দ্রপুর গ্রামের স্কুলশিক্ষক পরিচয় তালুকদারের পারিবারিক কালী মন্দিরে কালী ও মহাদেবের প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার মধ্যে কোনো এক সময়ে মন্দিরের বাঁশের দরজা ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে ওই ভাঙচুর চালায়। বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে বাড়ির লোকজন ঘুম থেকে উঠে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, ‘প্রতিমা ভাঙচুরের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে একজন উপপরিদর্শকের নেতৃত্বে পুলিশ পাঠানো হয়েছে।’