নেত্রকোনায় মাতবরদের উল্টো বিচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলছাত্রীকে যৌন নির্যাতন ও উত্ত্যক্ত করার অভিযোগে সালিসি বৈঠক করেছিলেন গ্রামের মাতবরেরা। কিন্তু বৈঠকে ওই ছাত্রীকেই দোষী সাব্যস্ত করে তাকে ও তার বাবাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।

অভিযোগ, শাস্তির সিদ্ধান্ত মেনে না নেওয়ায় ‘যৌন নির্যাতনকারী’ যুবক ও তাঁর সহযোগীরা ছাত্রীর বাবা ও মামাকে বেধড়ক মারধর করেছেন।

গত বৃহস্পতিবার নেত্রকোনা সদর উপজেলার বর্নি গ্রামে এ ঘটনা ঘটে। মারধরে আহত দুজন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় গতকাল শুক্রবার স্থানীয় রতন মিয়াসহ (৩০) নয়জনের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেছেন ছাত্রীর বাবা।

ছাত্রীর পরিবার ও কয়েকজন গ্রামবাসী প্রথম আলোকে বলেন, ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে। একই গ্রামের রতন মিয়া প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন। ১১ সেপ্টেম্বর দুপুরে ওই ছাত্রী পুকুরে গোসল করতে যায়। তখন রতন তার ওপর যৌন নিপীড়ন চালান। ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে রতন পালিয়ে যান। ওই দিন সন্ধ্যায় গ্রামের কয়েকজন মাতবর সালিসে বসেন। তাঁরা রতনকে বকাঝকা করেন। পরে রতন ও তাঁর লোকজন বাড়িতে গিয়ে ছাত্রী ও তাঁর পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেন। গত বৃহস্পতিবার দুপুরে মাতবরেরা আবার সালিসে বসেন। এবার তাঁরা ছাত্রীকে দোষী সাব্যস্ত করে বলেন, অসামাজিক কাজের জন্য ওই ছাত্রীই রতনকে ফোন করে বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। ওই ছাত্রী ও তার বাবাকে মাটিতে পুঁতে বেত মারা অথবা মাথা ন্যাড়া করে গ্রামে ঘোরানোর সিদ্ধান্ত নেন মাতবরেরা। না হলে তাঁদের গ্রাম থেকে বের করে দেওয়ারও হুমকি দেওয়া হয়। কিন্তু ছাত্রী ও তার পরিবার এ সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। এতে ক্ষিপ্ত হয়ে সালিসি বৈঠকেই ছাত্রীর বাবা ও মামাকে বেধড়ক মারধর করেন রতন ও তাঁর সহযোগীরা। পরে বাসায় গিয়ে আবারও তাদের মারধর করা হয়।

সালিসি বৈঠকে থাকা ঠাকুরাকোনা ইউনিয়ন পরিষদের সদস্য মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, ‘মাতবরদের সিদ্ধান্ত আইনসম্মত ও বৈধ ছিল না। আমি এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলাম। কিন্তু আমার মতামতের গুরুত্ব দেওয়া হয়নি।’ প্রথমে রতনকে শাসিয়ে, পরে তাঁর পক্ষ নেওয়ার কারণ সম্পর্কে কোনো কিছু জানেন না বলে মঞ্জুরুল দাবি করেন।

ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, ‘মাতবরেরা উল্টো বিচার করছে। আমি এদের বিচার চাই।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুর আলম প্রথম আলোকে বলেন, মামলার এজাহারে নয় আসামির মধ্যে স্বপন মিয়া ও আরশাদ মিয়া নামের দুই মাতবরের নামও দেওয়া হয়েছে। সবাই পলাতক। তাদের ধরার চেষ্টা চলছে।