নেত্রকোনায় শিক্ষকের বিরুদ্ধে বিনা মূল্যের বই বিক্রির অভিযোগ
নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মল্লিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিনা মূল্যের পাঠ্যবই প্রায় ১৩ টাকা কেজি দরে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁকে গতকাল বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।
উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে আটপাড়া উপজেলার গাবরগাট বাজারের কাছে স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী আফছর আলী ও তাঁর এক সহযোগী তিনটি বস্তা মাথায় করে আটপাড়া শহরের দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজনের সন্দেহ হলে বস্তা খুলে ২০১৪ সালের মুদ্রিত প্রথম থেকে পঞ্চম শ্রেণির বই পান।
উপজেলা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ভাঙ্গারি ব্যবসায়ী স্থানীয় লোকজনকে জানান, মল্লিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা আক্তার তাঁর কাছে বইগুলো ১ হাজার ৮০০ টাকা বিক্রি করেন। মঙ্গলবার দুপুরে তাঁরা বিদ্যালয় থেকে বইগুলো নিয়ে আসেন। বইগুলোর ওজন প্রায় সাড়ে তিন মণ। পরে খবর পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী আলী হোসেন ও কর্মসহায়ক লিটন মিয়া বইগুলো উদ্ধার করে উপজেলা কার্যালয়ে নিয়ে যান।
তবে প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন, ‘আমি কোনো বই বিক্রি করিনি। আমার বিরুদ্ধে আনা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা বলেন, নাজমা আক্তারকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ডিপিও কার্যালয়ে এ ব্যাপারে লিখিতভাবে জানানো হয়েছে।