নেত্রকোনায় শিশু ধর্ষণের অভিযোগ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ রোববার শিশুটির বাবা প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে পূর্বধলা থানায় মামলা করেছেন।
শিশুটির পরিবারের ভাষ্য, গতকাল শনিবার বিকেলে শিশুটিকে ঘরে রেখে তার মা সাংসারিক কাজে বাইরে যান। তখন ওই ঘরে মো. রুবেল নামের এক প্রতিবেশী ছাড়া আর কেউ ছিলেন না। আধঘণ্টা পর মা ফিরে এসে দেখেন, ঘরে তার সন্তান নেই। রুবেলও লাপাত্তা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে পুকুর পাড়ে শিশুটিকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে শিশুটিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাতেই শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ রোববার বিকেলে ধর্ষণের অভিযোগে রুবেলের বিরুদ্ধে থানায় একটি মামলা করেন।
শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, ‘রুবেলই আমার মেয়েকে ধর্ষণ করে পুকুর পাড়ে ফেলে রেখে গেছে। আমি তার ফাঁসি চাই।’
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান প্রথম আলোকে বলেন, আসামি রুবেল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।