নেত্রকোনায় সংঘর্ষে আহত ৯
নেত্রকোনার খালিয়াজুরীতে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ নয়জন টেটাবিদ্ধ (মাছ ধরার বর্শা জাতীয় যন্ত্র) হয়ে আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন কাদিরপুর গ্রামের সুভাষ সরকার (৫২), সুশীল সরকার (৭০), কাজল রানী সরকার (৫০), পারুল রানী সরকার (৩৬), সুকেশ সরকার (৪২), হেমেন্দ্র সরকার (৪০), রবীন্দ্র সরকার (৪৫), খগেন্দ্র সরকার (৩৮) ও কালী সরকার (৩৫)। তাঁদের মধ্যে সুভাষ সরকার, সুশীল সরকার, হেমেন্দ্র সরকার ও খগেন্দ্র সরকারকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, কাদিরপুর গ্রামের সুভাষ সরকার ও হেমেন্দ্র সরকারের মধ্যে জমিসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও রয়েছে। আজ সকাল পৌনে ১০টার দিকে সুভাষ ও হেমেন্দ্রর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন বাড়ির সামনের মাঠে টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সুভাষের স্ত্রী কাজল রানী সরকার, ফুপা সুশীল সরকার, ভাইয়ের স্ত্রী পারুল সরকার, ভাতিজা সুকেশ এবং অপর পক্ষের হেমেন্দ্র সরকার ও তাঁর তিন ভাই রবীন্দ্র, খগেন্দ্র ও কালী সরকার টেঁটাবিদ্ধ হয়ে আহত হন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে টেঁটাবিদ্ধ অবস্থায় গুরুতর আহত সুভাষ, সুশীল, হেমেন্দ্র ও খগেন্দ্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা তৌহিদ বিন আশরাফ বলেন, হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা শঙ্কামুক্ত রয়েছেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।