নেত্রকোনায় সংঘর্ষে কৃষক নিহত সুনামগঞ্জে আহত ৩০
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত ও তিনজন আহত হয়েছেন। একই দিন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও কলমাকান্দা থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বড়খাপন ইউনিয়নের পুটিকা গ্রামের আলম মিয়া গতকাল সকাল সাতটার দিকে গরু দিয়ে কাঁচা মিয়ার (৬০) জমির ধান খাওয়ান। কাঁচা মিয়া এর প্রতিবাদ করেন। এতে দুই পক্ষের লোকজন কথা-কাটাকাটির একপর্যায়ে লাঠিসোঁটা, রামদা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের লোকজন কাঁচা মিয়ার মাথায় রামদা দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ওই সংঘর্ষে সুহেল মিয়া, মুখলেছুর রহমান ও শহিদ মিয়া নামের তিন ব্যক্তি আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কবীর মিয়া, শহিদ মিয়া, আবদুর নূর ও আজব আলীকে আটক করেছে পুলিশ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মদ বলেন, কাঁচা মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই চারজনকে আটক করা হয়েছে।
এদিকে এলাকার কয়েকজন বাসিন্দা ও দক্ষিণ সুনামগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের হাসকুড়ি গ্রামের একটি রাস্তা নিয়ে একই গ্রামের রইস উদ্দিন ও আবদুল হকের মধ্যে বিরোধ চলছিল। আবদুল হকের পরিবারের লোকজন রইস উদ্দিনের বাড়ির সামনের ওই রাস্তা দিয়েই হাওরে যাতায়াত করেন। গতকাল সকাল ১০টার দিকে আবদুল হকের লোকজন হাওর থেকে ধান নিয়ে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রইসের লোকজন তাঁদের বাধা দেন। এতে প্রথমে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয় ও পরে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হন। গুরুতর আহত রইস, সাবাজুল ইসলাম, আবদুল্লাহ, গৌছ উদ্দিন, হাবিব মিয়া, তাজ নূর ও সায়েক আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মুকিত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।