নেত্রকোনায় সন্ত্রাসী হামলায় কলেজছাত্র ও গৃহকর্ত্রী আহত
নেত্রকোনা শহরের একটি বাসায় ঢুকে এক কলেজছাত্রের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন গৃহকর্ত্রী। গত শনিবার রাতে নাগড়া স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন কলেজছাত্র ধ্রুব ধর (১৮) ও বাসার মালিকের স্ত্রী বিউটি রানী দত্ত (৫২)। ঘটনার পর তাঁদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দ্বাদশ শ্রেণির ছাত্র ধ্রুব ধর ও তাঁর বড় বোন শহরের নাগড়া এলাকায় সুভাষ দত্তের বাসায় ভাড়া থাকেন। তাঁদের বাড়ি কলমাকান্দা উপজেলার সিধলী গ্রামে। বাবার নাম রমন ধর। শনিবার রাত পৌনে নয়টার দিকে নাগড়া এলাকার মো. কাউসার (২০) ও অনিক আহম্মেদ ওরফে বাপ্পীর (১৯) নেতৃত্বে অন্তত ১৫ জন ওই বাসায় ঢুকে ধ্রুব ধরের ওপর হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে বাসার মালিকের স্ত্রী বিউটি রানী দত্ত হামলার শিকার হন।
স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন। এ ঘটনায় ওই রাতেই ধ্রুব সরকার কাউসার ও বাপ্পীকে অভিযুক্ত করে অজ্ঞাত ১২ জনের নামে নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ধ্রুব ধর বলেন, ‘ওরা এলাকার বখাটে। বেশ কিছুদিন আগেও আমাকে শাসিয়েছিল। শনিবার রাতে বাসায় ঢুকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে।’
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।