নেত্রকোনায় সাংবাদিক কিশোরগঞ্জে যুবক খুন
নেত্রকোনার আটপাড়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার প্রতিপক্ষ এক সাংবাদিককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরগঞ্জ সদর উপজেলায় গত বুধবার দিবাগত রাতে এক ব্যক্তি তার ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তিরা হলেন নেত্রকোনার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামের ফজলুল করিমের ছেলে মুশফিকুর রহমান ওরফে তুহিন (৩৮) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার বীরদামপাড়ার সেতু মিয়ার ছেলে রুকন উদ্দিন (৩০)।
এলাকার কয়েকজন বাসিন্দা ও আটপাড়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, আটপাড়া উপজেলার হাঁসকুরি বিলের ইজারা নিয়ে তুহিনের সঙ্গে লক্ষ্মীপুর গ্রামের কয়েক ব্যক্তির বিরোধ চলছিল। এর জের ধরে প্রতিপক্ষের লোকজন গতকাল ভোর পাঁচটার দিকে তুহিনের বসতঘরে ঢুকে হামলা চালায়। এ সময় তারা ধারালো কিরিচ দিয়ে তুহিনের বুকে আঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার সময় ধস্তাধস্তিতে লক্ষ্মীপুর গ্রামের ওয়াদুদ খাঁ ও আমীর খাঁ আহত হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সুপার জয়দেব চৌধুরী সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লক্ষ্মীপুর গ্রামের রহমত মিয়া (২৫) ও বাবুল মিয়াকে (২৬) আটক করা হয়েছে।
তুহিনের পারিবারিক সূত্রে জানা গেছে, তুহিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর নিজ বাড়িতে থেকে বিভিন্ন সাংস্কৃতিককাজে যুক্ত ছিলেন। তিনি অপরাধ জগৎ নামে একটি পাক্ষিক পত্রিকার স্থানীয় প্রতিনিধি ছিলেন।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহাম্মদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে রুকনের সঙ্গে তাঁর চাচা জসিম উদ্দিনের বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা জসিমসহ ও তাঁর ছেলেরা রুকনকে দা দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ সময় স্বামীকে বাঁচাতে এসে রুকনের স্ত্রী জেসমিন আক্তারও গুরুতর আহত হন। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, এ ঘটনায় জেসমিন আক্তার গতকাল সন্ধ্যায় জসিম উদ্দিনসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।