নেত্রকোনায় স্কুলশিক্ষককে কুপিয়ে হত্যা, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার বারহাট্টা উপজেলার মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুন হয়েছেন। তাঁর নাম অর্জুন বিশ্বাস। গতকাল বুধবার সকাল পৌনে ১০টার দিকে নিজ বিদ্যালয়ের অদূরে তাঁকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
অর্জুন বিশ্বাসের বাড়ি একই উপজেলার রামপুর-দশাল গ্রামে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সঙ্গে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সন্দেহে ফুয়াদ খান নামের একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া আরও একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অর্জুন বিশ্বাস প্রতিদিনের মতো তাঁর মোটরসাইকেলে করে নিজ বিদ্যালয়ে যাচ্ছিলেন। বিদ্যালয়ের প্রায় ৪০ গজ দূরে একদল দুর্বৃত্ত পথ রোধ করে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, মনাষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তহবিলে উন্নয়ন খাতের ৩০ হাজার টাকা জমা হয়। কিন্তু বিদ্যালয় পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ওই টাকা তাঁদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে দেওয়ার জন্য প্রধান শিক্ষককে চাপ দেন। এতে তিনি রাজি না হওয়ায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও পর্ষদের সদস্য আবুল কাশেম, পর্ষদের অপর সদস্য ফুয়াদ খানসহ কয়েক জন ক্ষুব্ধ হন। এরই জেরেই কাশেমের ভাই কালাচানের নেতৃত্বে গতকাল রামদা দিয়ে কুপিয়ে প্রধান শিক্ষককে হত্যা করা হয়।
পরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং উপজেলার অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন।
বারহাট্টা উপজেলা শিক্ষা কর্মকর্তা জি এম এনামুল হক বলেন, ‘অর্জুন একজন সৎ ও নিষ্ঠাবান শিক্ষক ছিলেন। শুনেছি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সঙ্গে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।’
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক প্রথম আলোকে বলেন, এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সন্দেহে ফুয়াদ খানকে আটক করা হয়েছে। খুনের ঘটনার পর থেকে কাশেম ও তাঁর ভাই কালাচান পলাতক রয়েছেন। তবে কালাচানের আরেক ভাই এমদাদুল হককে গতকাল সন্ধ্যায় নেত্রকোনা শহরের সাতপাই এলাকা থেকে আটক করেছে পুলিশ। অন্যদের আটকের চেষ্টা চলছে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে জানতে চাইলে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য ওই শিক্ষকের লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।