নেত্রকোনায় হামলায় ৭ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় ষাঁড়ের লড়াইয়ের নামে চলা জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে জুয়াড়ি ও তাদের পক্ষের লোকজনের হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ সাত সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের কাছ থেকে দুটি মুঠোফোন ও দুটি হাতকড়া ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ১১টি ফাঁকা গুলি ছোড়ে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ শহীদ বেগ (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সদর উপজেলার কে-গাতি ইউনিয়নের কাকিয়াকুড়ি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে নেত্রকোনা সদর উপজেলার প্রত্যন্ত কাকিয়াকুড়ি গ্রামে ষাঁড়ের লড়াইয়ের নামে এ জুয়ার আসরের আয়োজন করা হয়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার একদল পুলিশ ওই এলাকায় যায়। এ সময় পুলিশ হাতকড়া বের করে কয়েক ব্যক্তিকে আটকের চেষ্টা চালায়। এতে ক্ষিপ্ত হয়ে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক শ লোক পুলিশের ওপর হামলা চালায় ও ঢিল ছুড়তে থাকে। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে দুটি হাতকড়া ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। অবস্থা বেগতিক দেখে পুলিশ শটগানের ১১টি ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আওয়াল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওবায়দুল্লাহসহ সাত পুলিশ সদস্য আহত হন। পরে তাঁরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু তাহের জানান, এ ঘটনায় দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। সেই সঙ্গে শহীদ বেগ নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি হাতকড়া, দুটি মুঠোফোন ও একটি টর্চলাইটও উদ্ধারের চেষ্টা চলছে।