নেত্রকোনা হাসপাতাল থেকে নবজাতক চুরি
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে গতকাল সোমবার এক নবজাতক চুরি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার তেলিগাতী গ্রামের গৃহবধূ সাথী বেগম (২২) প্রসববেদনা নিয়ে গত রোববার রাত আটটার দিকে ওই হাসপাতালে ভর্তি হন।
ওই রাতেই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। গতকাল সকাল সোয়া নয়টার দিকে বোরকা পরা এক নারী কৌশলে তাঁর নবজাতককে চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে সিভিল সার্জন বীজন কান্তি সরকার, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নীলোৎপল তালুকদারসহ অন্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। পরে গতকাল দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
আরএমও জানান, এ ঘটনায় হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ রঞ্জন কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানাকে জানানো হয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম গতকাল সন্ধ্যায় জানান, এ ঘটনায় নবজাতকেরনানি রিনা আক্তারবাদী হয়ে গতকাল থানায় মামলা করেছেন। চুরি যাওয়া নবজাতককে উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।