নেত্রকোনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন পূর্বধলা উপজেলার সোনাইকান্দা গ্রামের আহাম্মদ আলী (৭৮) ও বারহা গণকপাড়া গ্রামের আব্দুর রহমান (৭৭)।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রাং বলেন, তদন্ত সংস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরোয়ানায় তাঁদের গ্রেপ্তার করে পূর্বধলা থানায় রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে পাঠানো হবে। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন জনকে হত্যা, অপহরণ, বাড়ি পোড়ানো ও লুণ্ঠনের অভিযোগ রয়েছে।
বারহা গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কাদির প্রথম আলোকে জানান, ১৯৭১ সালের ২১ আগস্ট তাঁর ভাই আব্দুল খালেককে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে লাশ কংস নদে ভাসিয়ে দেয় রাজাকারেরা। আর তাঁদের বাড়ি লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্ত কর্মকর্তার কাছে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি। তাঁরা হলেন উপজেলার হাজরাইল
গ্রামের আ. খালেক তালুকদার, মৌদামের আ. মজিদ মৌলানা, উলুকান্দার হাফেজ মৌলানা আব্দুল গফুর ও সোনাইকান্দা গ্রামের আহাম্মদ আলী।
পুলিশ সুপার জয়দেব কুমার চৌধুরী বলেন, ওই দুজন আগে থেকেই নজরবন্দী ছিলেন। অন্যদেরও গ্রেপ্তার করার চেষ্টা চলছে।