নেত্রকোনায় ধান কাটা নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কলমাকান্দায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে গতকাল মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত ও নয়জন আহত হয়েছেন। নিহত কৃষকের নাম দানু মিয়া (৫৫)। তিনি কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামের বাসিন্দা ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচকাটা গ্রামে দানু মিয়ার দখলে থাকা চার কাঠা (৩২ শতাংশ) জমি নিয়ে একই গ্রামের পল্লি চিকিৎসক আমির হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে আমির হোসেন ও তাঁর ছেলেরা ওই জমির ধান কাটতে গেলে দানু মিয়া ও তাঁর ছেলেরা বাধা দেন। এ নিয়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের রামদার আঘাতে দানু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া সংঘর্ষে দুই পক্ষের নয়জন আহত হন। গুরুতর আহত দানু মিয়ার স্ত্রী খোদেজা খাতুন, ছেলে রহম আলী ও আমছর আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবুল হাসেম, মনছুর আলী, ফারুক মিয়া, শরাফত আলী, হেলাল ও বশির আহমেদকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমির হোসেনের ভাই আবুল হাসেমকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।