নেত্রকোনায় বৃদ্ধের লাশ উদ্ধার, ছোট ভাই আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা সদর উপজেলার দ্বীগজান এলাকা থেকে গতকাল শুক্রবার হারেছ উদ্দিন (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার কালিহালা গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হারেছের ছোট ভাই আবুল হাশেমকে (৪৮) পুলিশ আটক করেছে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেলে হারেছ উদ্দিন কলমাকান্দা বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে মেদনী ইউনিয়নের দ্বীগজান এলাকায় সড়কে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। পরে হারেছের স্ত্রী, শ্যালক জামাল মিয়া ও ছোট ভাই আবুল হাশেমসহ পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। এ সময় পুলিশ আবুল হাশেমকে আটক করে।
জামাল মিয়া অভিযোগ করেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হারেছ উদ্দিনকে খুন করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল বাশার জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত ব্যক্তির মাথার পেছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে নিহত ব্যক্তির ছোট ভাই আবুল হাশেমকে আটক করা হয়েছে। লাশ ময়মনাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।