নেত্রকোনায় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
নেত্রকোনা সদর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে মোস্তফা মিয়া নামের এক ব্যক্তিকে তাঁর বড় ভাই ও ভাতিজারা কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার উপজেলার বরুণা গ্রামে ওই ঘটনা ঘটে।
নিহত মোস্তফা মিয়া (৪১) সদর উপজেলার বিশিউড়া ইউনিয়নের বরুণা গ্রামের আবদুর রহমানের ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ জানায়, বরুণা গ্রামের আবদুর রহমানের বড় ছেলে আবদুর রশিদের সঙ্গে তাঁর ছোট দুই ছেলে মোস্তফা ও ছমেদ মিয়ার (৪৪) পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার রাত নয়টার দিকে রশিদ এবং তাঁর ছেলেরা মোস্তফা ও ছমেদকে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। এতে মোস্তফা ঘটনাস্থলেই মারা যান। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় ছমেদকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পরপরই রশিদ ও তাঁর ছেলেরা গ্রাম থেকে পালিয়ে যান।
এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জানান, খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থল থেকে মোস্তফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।