নেত্রকোনায় স্ত্রীসহ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মধ্যবাজার এলাকায় নিজ ঘরে এক ধনাঢ্য ব্যবসায়ী ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল থেকে বেলা দুইটার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।
নিহত দুজন হলেন অরুণ কুমার সাহা (৭৪) ও তাঁর স্ত্রী হেনা রানী সাহা (৬৫)।
ব্যবসায়ী ও তাঁর স্ত্রী হত্যার খবর ছড়িয়ে পড়ার পর তাঁদের বাসার সামনে হাজারো ব্যবসায়ী ও এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি দুর্গাপুরে কোনোরূপ বাদ্য-বাজনা ছাড়াই প্রতিমা বিসর্জনের সিদ্ধান্ত নেয়।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, অরুণ কুমার সাহা মধ্যবাজার এলাকায় সুবর্ণা প্লাজা নামের তিনতলা মার্কেট এবং সেখানকার সুবর্ণা বস্ত্রালয়ের মালিক ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী হেনা রানী সাহা সুবর্ণা প্লাজার তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। তাঁদের দুই ছেলে। ছোট ছেলে সুদীপ কুমার সাহা ইতালিতে থাকেন। বড় ছেলে সুজিত কুমার সাহা বাবা-মায়ের সঙ্গে থাকেন। গত বৃহস্পতিবার পারিবারিক কাজে সুজিত ঢাকায় যান।
পুলিশ বলেছে, অরুণের ছোট ভাই অজিত কুমার সাহার স্ত্রী সুচিত্রা রানী সাহা তাদের জানিয়েছেন, গতকাল বেলা দুইটার দিকে সুচিত্রা তৃতীয় তলায় অরুণের বাসায় যান। তিনি দরজা খোলা দেখে ভেতরে ঢুকে দেখেন পৃথক দুটি কক্ষের মেঝেতে দুজনের গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ পড়ে রয়েছে। তাঁর চিৎকারে লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, সুচিত্রা রানী তাদের জানিয়েছেন, সুজিত সাহা কয়েকবার ফোন করে তাঁর বাবা-মাকে না পেয়ে তাঁকে (সুচিত্রা) বাসায় গিয়ে খোঁজ নেওয়ার জন্য জানান। এরপর সুচিত্রা ওই বাসায় যান।
পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা বাসার আসবাব তছনছ করে রেখে গেছে। রক্তে পুরো ঘরের মেঝে ভেসে গেছে।
ওই ব্যবসায়ী ও তাঁর স্ত্রী হত্যার খবর ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তাঁদের বাসার সামনে কয়েক শ ব্যবসায়ী ও এলাকাবাসী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে স্থানীয় সাংসদ ছবি বিশ্বাস গিয়ে এলাকাবাসীকে শান্ত করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সূত্র উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেন।
দুর্গাপুর থানার ওসি মো. রেজাউল ইসলাম খান বলেন, সকাল থেকে বেলা দুইটার মধ্যে যেকোনো সময় এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
পুলিশ সুপার জয়দেব চৌধুরী প্রথম আলোকে বলেন, তিনি শুনেছেন নিহত দম্পতির সঙ্গে কারও বিরোধ ছিল না। ভাই বা অন্য আত্মীয়স্বজনের সঙ্গেও অরুণের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল।