নেত্রকোনায় হাসপাতাল থেকে নবজাতক চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে আজ সোমবার এক নবজাতক চুরি হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনা তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে।

হাসপাতালসহ একাধিক সূত্র জানায়, নেত্রকোনা সদর উপজেলার তেলিগাতি গ্রামের গৃহবধূ সাথী বেগম (২২) প্রসববেদনা নিয়ে গতকাল রোববার রাত আটটার দিকে হাসপাতালে ভর্তি হন। পরে ওই রাতেই তিনি স্বাভাবিকভাবে এক পুত্রসন্তানের জন্ম দেন। আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে বোরকা পরে এক নারী কৌশলে তাঁর নবজাতককে চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে সিভিল সার্জন বিজন কান্তি সরকার ও হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিলোৎপল তালুকদারসহ অন্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান। নেত্রকোনার পুলিশ সুপার মো. জাকির হোসেন খান দুপুরে হাসপাতাল পরিদর্শন করেছেন। এদিকে প্রথম সন্তানকে হারিয়ে শিশুটির মাসহ স্বজনেরা পাগলপ্রায়।

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল তালুকদার প্রথম আলোকে জানান, এ ঘটনায় হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ রঞ্জন কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সঙ্গে বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

নেত্রকোনার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম সন্ধ্যার দিকে জানান, এ ঘটনায় নবজাতকের নানি বাদী হয়ে থানায় মামলা করেছেন। চুরি যাওয়া নবজাতককে উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।