নেত্রকোনায় এক স্কুলের ৫ ছাত্রী বাল্যবিবাহের শিকার
নেত্রকোনা সদর উপজেলার একটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ ছাত্রী সাত মাসের ব্যবধানে বাল্যবিবাহের শিকার হয়েছে। তাদের বাড়ি উপজেলার সিংহের বাংলা ও আমতলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। বিয়ের পর তাদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে।
জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনিসুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘আমি গত ফেব্রুয়ারিতে এ উপজেলায় যোগদান করেছি। এই পাঁচ মাসে নিজের প্রচেষ্টায় উপজেলায় ১৬টি বাল্যবিবাহ বন্ধ করেছি। আগের ওই বাল্যবিবাহগুলো কীভাবে হলো, সে বিষয়ে খোঁজ নেব।’
বাল্যবিবাহের শিকার পাঁচজনই নেত্রকোনার সদরের শিমুলজানি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী। তাদের মধ্যে একজন সপ্তম, দুজন অষ্টম, একজন নবম ও অপর দুজন দশম শ্রেণিতে পড়ত।
স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যে ওই পাঁচ ছাত্রী বাল্যবিবাহের শিকার হয়েছে। তাদের একজনের পরিবার মোটামুটি সচ্ছল; বাকি চারজন দরিদ্র পরিবারের সন্তান। মেয়েগুলোর বিয়ের আয়োজনের খবর পেয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক বাড়িতেও যান। তাঁরা পরিবারের সদস্যদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝালে সাময়িকভাবে বিয়ে বন্ধ রাখা হয়। কিন্তু কিছুদিন না যেতেই মেয়েদের জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে ও নানা কৌশলে গোপনে বিয়ে দিয়েছেন বাবা-মা।
সপ্তম ও দশম শ্রেণিতে পড়ুয়া দুজনের মধ্যে একজনের অভিভাবকের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। তাঁরা বলেন, পরিবারের আর্থিক অনটনের কারণে তাঁরা মেয়েদের পড়াতে পারছিলেন না। এ কারণে বিয়ে দিতে বাধ্য হয়েছেন।
ওই বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাল্যবিবাহের শিকার অষ্টম শ্রেণির দুই ছাত্রীর মধ্যে একজন বিয়ের পর ১০ দিনের মতো বিদ্যালয়ে এসেছিল। এরপর আর আসেনি। খোঁজ নিয়ে তাঁরা জানতে পেরেছেন, মেয়েটির স্বামীর পরিবার তাকে আর পড়ালেখা করাতে আগ্রহী নয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ এলাকায় বাল্যবিবাহের প্রবণতা আসলেই বেশি। অতীতে তা আরও বেশি ছিল। কিন্তু উপজেলা প্রশাসনের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকেরা তৎপর থাকায় এই প্রবণতা অনেকটা কমে এসেছে। এর মধ্যেও ওই পাঁচ ছাত্রীর বিয়ে ঠেকাতে ব্যর্থ হয়েছেন তাঁরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘অনেক চেষ্টা করেও বাল্যবিবাহের হাত থেকে আমার ওই ছাত্রীদের রক্ষা করতে পারিনি। অভিভাবকেরা গোপনে বয়স বাড়িয়ে ও বিভিন্ন কৌশলে ওদের বিয়ে দিয়েছেন। বিয়ে হওয়ার পর আমরা জানতে পেরেছি।’ তিনি আরও বলেন, নানা প্রতিকূল অবস্থার মধ্যেও গত আট বছরে এ বিদ্যালয়ের অন্তত ১৮ ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছেন তাঁরা। ওই মেয়েগুলো এখন উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ে পড়ালেখা করছেন। এটি তাঁকে উৎসাহ জোগায়।
সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহিম ও আমতলা ইউপির চেয়ারম্যান মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশাসনের তৎপরতার কারণে এখন বাল্যবিবাহ অনেকটা কমে গেছে। কিন্তু অনেক সময় কাজিদের কুপরামর্শ নিয়ে অভিভাবকেরা ভুয়া জন্মনিবন্ধন সনদ তৈরি করে মেয়েদের বয়স বাড়িয়ে ফেলেন।
তবে সিংহের বাংলা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজি) মো. এনামুল হক বলেন, ‘বাল্যবিবাহ বন্ধে আমি সব সময়ই সোচ্চার।’ এই ইউনিয়নের ওই তিন ছাত্রীর বিয়ে পড়াননি দাবি করে এনামুল বলেন, মেয়েগুলোর পরিবারের সদস্যরা অন্য জায়গার কাজিদের দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছেন বলে তিনি ধারণা করছেন। একই দাবি করেন আমতলা ইউনিয়নের কাজি মো. তাসনীম আলমও।
নেত্রকোনা জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম বিদেশে থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এ কার্যালয়ের কর্মসূচি কর্মকর্তা রহিমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘কীভাবে বাল্যবিবাহগুলো হলো তা তাঁরা খোঁজ নিয়ে দেখবেন। জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি বেসরকারি সংস্থার তৎপরতায় ২০১৬ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্তনেত্রকোনায় মোট ৮৪টি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।