নেত্রকোনায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার আটপাড়া উপজেলায় গতকাল বুধবার সন্ধ্যায় রশিতে ঝুলে থাকা অবস্থায় আলিমুন্নেছা (১‍৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী শরিফ তালুকদার পলাতক রয়েছেন। 

আলিমুন্নেছার স্বজনদের অভিযোগ, শরিফ ও তাঁর পরিবারের লোকজন আলিমুন্নেছাকে হত্যার পর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর জন্য লাশ ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে ঝুলিয়ে রাখেন। আলিমুন্নেছা নেত্রকোনা আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।
পুলিশ, কয়েকজন এলাকাবাসী ও আলিমুন্নেছার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা শহরের নাগড়া এলাকার আলী আহাম্মদ লস্করের মেয়ে আলিমুন্নেছার সঙ্গে আটপাড়া উপজেলার মোবারকপুর গ্রামের সাদেক তালুকদারের ছেলে শরিফ তালুকদারের বিয়ে হয় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি। বিয়ের কিছুদিন পর থেকে শরিফ তাঁর স্ত্রীকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। শরীফ মাঝেমধ্যেই তাঁর স্ত্রীকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দিতেন। গতকাল সন্ধ্যার দিকে শরিফের বাড়ির লোকজন শোবার ঘরের আড়ায় আলিমুন্নেছার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আলিমুন্নেছার বাবা আলী আহাম্মদ লস্কর সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘বিয়ের কিছুদিন পর থেকেই আমার মেয়েকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত শরিফ। সে আত্মহত্যা করেছে, তা আমার বিশ্বাস হচ্ছে না।’
ঘটনার পর থেকে শরিফ পলাতক রয়েছেন। শরিফের বাবা সাদেক তালুকদারের মুঠোফোনের সংযোগ বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজুল হক বলেন, এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।