নেত্রকোনায় ছাত্রলীগ নেতার কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনির ব্যক্তিগত কার্যালয়ে দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে নেত্রকোনা শহরের কালীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা কালীবাড়ি এলাকায় দেওয়ান জনির ব্যক্তিগত কার্যালয় ভাঙচুর করেছে বলে সংবাদ পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের কাচের দরজা, ভেতরের চেয়ার-টেবিল ভাঙা অবস্থায় দেখতে পাওয়া যায়। ওই সময় এলাকায় কেউ ছিল না।
পুলিশ ও দলীয় সূত্রে আরও জানা যায়, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি সত্যজিৎ দাসকে (২৫) শহরের নাগড়া এলাকায় কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এই ঘটনায় দেওয়ান জনিসহ ছাত্রলীগের পাঁচ নেতার নাম উল্লেখ করে মামলা করেন সত্যজিতের বাবা শংকর দাস। মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
ছাত্রলীগের নেতা দেওয়ান জনি দাবি করেন, ‘সত্যজিৎ দাসকে কুপিয়ে আহত করার ঘটনায় আমার নামে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।’ সোমবার রাতে তাঁর কার্যালয়ে হামলা হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আমার পরিবার মামলা করার প্রস্তুতি নিচ্ছে।’