কুড়িগ্রাম ও মাগুরায় দুই ছাত্রী ধর্ষণের শিকার
নেত্রকোনায় ধর্ষণের পরদিন কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
নেত্রকোনায় ধর্ষণের শিকার হওয়ার পরদিন গত সোমবার এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ায় লোকলজ্জায় সে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে তার পরিবার।
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারিপাড়া গ্রামে ডেকে নিয়ে মঙ্গলবার বিকেলে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ যুবকের বিরুদ্ধে। একই দিন মাগুরার শ্রীপুরে দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামে সোমবার দুপুরে এক কিশোরীর (১৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার বাবা রিকশাচালক। তারা রেললাইনের পাশে বস্তিতে একটি ঘরে থাকত। লাশ উদ্ধার করা হয়েছে তাদের পাশের ঘর থেকে।
মেয়েটির মা বলেন, রোববার সন্ধ্যার দিকে ওই গ্রামের তিন যুবক তাঁর মেয়েকে বস্তির পাশের মাছের খামারে ডেকে নিয়ে যায়। রাত আটটার দিকে ওই তিন যুবক মেয়েকে বাড়িতে পৌঁছে দেয়। তখন তাকে বিধ্বস্ত দেখাচ্ছিল। সে ঘরে এসে বলে ওই তিন যুবক তাকে ধর্ষণ করেছে। কিছুক্ষণ পর তিন যুবকের একজন তাঁদের ঘরে এসে ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেয়। কিন্তু স্থানীয় বাসিন্দারা বিষয়টি জেনে ফেলে। সোমবার সকাল ১০টার দিকে বাড়ির বাইরে যায় তাঁর মেয়ে। এরপর আর ঘরে ফেরেনি। দুপুর ১২টার পর পাশের ঘরের আড়ার সঙ্গে মেয়ের ঝুলন্ত লাশ দেখেন স্থানীয় বাসিন্দারা।
মেয়েটির বাবা বলেন, গতকাল বুধবার তিনি থানায় ধর্ষণের অভিযোগ দিতে গিয়েছিলেন। পুলিশ বলেছে, আগের অপমৃত্যুর মামলাটিই চলবে।
নেত্রকোনা মডেল থানার ওসি আমির তৈমুল ইলী বলেন, ‘মেয়েটি গলায় দড়ি দিয়ে মারা গেছে। কোনো ধর্ষণ হয়নি। কোনো প্রেমসংক্রান্ত বিষয় নিয়ে অভিমানে মরেছে।’
এদিকে কুড়িগ্রামের রাজীবপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাঁর চাচা গতকাল রাজীবপুর থানায় মামলা করেন। তিনি বলেন, তাঁদের বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়। তাঁর ভাতিজির সঙ্গে কিছুদিন আগে কাচারিপাড়া গ্রামের খোরশেদ আলীর মুঠোফোনে পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। খোরশেদ মঙ্গলবার তাঁর ভাতিজিকে নিজ গ্রামে ডেকে নেয়। সেখানে তার বন্ধু আরিফুল ইসলাম বাড়িতে নিয়ে একটি কক্ষে বসায়। কিছুক্ষণ পর খোরশেদ ও তার চার বন্ধু মেয়েটির মুখ কাপড় দিয়ে বেঁধে ধর্ষণ করে।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা বলেন, হাসপাতালে আনার সময় মেয়েটি অচেতন ছিল। চেতনা ফেরার পর তার কাছ থেকে মুঠোফোন নম্বর নিয়ে পরিবারের লোকজনকে অবহিত করা হয়। তাঁরা এসে কলেজছাত্রীকে জামালপুর হাসপাতালে নিয়ে যান।
অভিযুক্ত যুবকেরা রাজীবপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিপাশা রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
রাজীবপুর থানার ওসি পৃথ্বীশ কুমার সরকার বলেন, ধর্ষণ মামলায় আল-আমিন নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নে মঙ্গলবার সকালে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই ইউনিয়নের নাসির মোল্লা (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলেছে, ওই ছাত্রী মঙ্গলবার সকাল ছয়টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যাচ্ছিল। বিদ্যালয়ে যাওয়ার পথেই নাসিরের বাড়ি। ছাত্রীকে একা পেয়ে নাসির তাকে জোর করে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে স্কুলছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ছাত্রীর বাবা শ্রীপুর থানায় নাসির মোল্লাকে আসামি করে মামলা করেন। বিকেলে নাসিরকে গ্রেপ্তার করে পুলিশ।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, নাসির স্থানীয় একটি এনজিওতে চাকরি করেন। প্রাথমিকভাবে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অভিযোগ স্বীকার করেছেন নাসির।
(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন কুড়িগ্রাম অফিস এবং নেত্রকোনা ও মাগুরা প্রতিনিধি)