নেত্রকোনায় নির্বাচনোত্তর সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌরসভা এলাকায় আজ বৃহস্পতিবার সকালে পরাজিত দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় কয়েকজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন শামীম রেজা খান ওরফে সরল ও আতাউর রহমান ওরফে তারা। ভোটের আগে থেকেই তাঁদের সমর্থকদের মধ্যে বিরোধ এবং উত্তেজনা চলে আসছিল। নির্বাচনে দুজনই পরাজিত হয়েছেন। আজ সকাল সাড়ে নয়টার দিকে পৌরসভার মঈনপুর এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ সাতটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতরা হলেন- সুষমা আক্তার, বাবু, মাসুদ মিয়া, রবিন, সাজ্জাদ হোসেন, মাসুম, সাব্বির, জুয়েল মিয়া, আফাজ উদ্দিন ও তসলিম উদ্দিন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুল আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জুলহাস নামে একজনকে আটক করা হয়েছে। তিনি পরাজিত কাউন্সিলর প্রার্থী আতাউর রহমানের সমর্থক। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।