নেত্রকোনায় পুলিশের ধাওয়া খেয়ে একজনের মৃত্যু?
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুলিশের ধাওয়ায় দৌড়ানোর সময় পড়ে এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত ওই ব্যক্তির নাম মো. হাবিবুর রহমান (৪০)। তিনি সন্ন্যাসীপাড়া গ্রামের মৃত আক্কাছ আলীর ছেলে।
গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার ব্যস্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ মৌতলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবদুল জলিল (৩৫) নামের একজনকে আটক করে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কলমাকান্দা উপজেলার ব্যস্তপুর গ্রামের সামনের মাঠে ১০-১২ জন লোক বসে ছিলেন। এ সময় কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. মমতাজ, এএসআই কামাল ও এএসআই শরীফের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতিতে তাঁরা দৌড়ান। তাঁদের মধ্য থেকে পুলিশ আবদুল জলিল নামের এক ব্যক্তিকে আটক করে। অন্যরা দৌড়ে পালিয়ে যান। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন থানায় খবর দেন, পুলিশি অভিযানের সময় দৌড়ে পালাতে গিয়ে হাবিবুর রহমান নামে একজন মারা গেছেন। গ্রামের পাশে মহাদেব নদের পাড়ে তাঁর লাশ পাওয়া গেছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, গ্রামের মাঠে ১০ থেকে ১২ জন বসে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এতে একজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, দৌড়ে পালাতে গিয়ে হয়তো হার্ট অ্যাটাকে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে।
রাত পৌনে আটটার দিকে নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে একজন সহকারী পুলিশ সুপারকে পাঠানো হয়েছে। তিনি প্রাথমিকভাবে ওই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখছেন। এ ছাড়া লাশের ময়নাতদন্তের জন্য তা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।