নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শনিবার রাতে ওই ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মারা যাওয়া ব্যক্তির নাম খায়রুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার কাউরাট কোনাপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে। খায়রুল কৃষিকাজের পাশাপাশি ওই গ্রামের বাজারে একটি মুদি দোকানও চালাতেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, খায়রুল ইসলামের সঙ্গে একই গ্রামে সবদু মুন্সির ছেলে ফারুক মিয়ার (৩৫) জমিসংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ ওই জমিতে ফারুক কোদাল দিয়ে আল (খেতের সীমানা) কাটতে যান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ঝগড়া বাধে। পরে স্থানীয় লোকজন তা থামিয়ে দেন। এর জের ধরে গতকাল সকাল সাতটার দিকে ফারুক মিয়া তাঁর লোকজন নিয়ে খায়রুলের ওপর আকস্মিক হামলা চালান। খায়রুল ওই সময় তাঁর দোকানে ছিলেন।

হামলায় খায়রুল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই দিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত পৌনে আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারাত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ রোববার বেলা আড়াইটার দিকে মুঠোফোনে তিনি বলেন, খায়রুল ইসলামের লাশ ময়নাতদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।